চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বাড়িতে মা ও ছেলের গলায় ছুরি ধরে স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।
বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পৌর সদরের ২ নম্বর ওয়ার্ডের পন্থীছিলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের সদস্যরা আড়াই ভরি স্বর্ণ ও নগদ এক হাজার টাকা লুট করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
স্থানীয় বাসিন্দাদের সূত্র জানায়, পন্থীছিলা এলাকার রেললাইনের পাশে রহিমা বিবির ঘরে এ ঘটনা ঘটে।
রহিমার ভাই আলিম উদ্দিন বলেন, আমার বোনের স্বামী রাজমিস্ত্রি। আমি আর আমার বোন পাশাপাশি ঘরেই থাকি। বুধবার রাতে বিকট শব্দে ঘুম ভাঙে। পরে দেখি ২০ থেকে ২৫ জনের একটি দল আমার বোনের বাসার দরজা ভাঙার চেষ্টা করছে। পরে তারা আমার বোন ও ভাগিনার গলায় ছুরি ধরে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যায়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, ডাকাতির বিষয়টি শুনেছি। তবে কোনো অভিযোগ পাইনি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।