রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী মাহতাব রহমান (১৫) মারা গেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫০মিনিটে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।
নিহত মাহতাব রহমান মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির ইংলিশ ভার্সনের শিক্ষার্থী ছিল। কুমিল্লার দেবিদ্বার উপজেলার চুলাশ ভূঁইয়া বাড়ির মিনহাজুর রহমানের একমাত্র ছেলে তিনি। উত্তরায় নিজ পরিবারের সঙ্গে থাকতেন তিনি।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মাহতাবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাহতাবের শ্বাসনালীসহ শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিকাল অবস্থায় ছিল। আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় ইনস্টিটিউটে ১২ জনের মৃত্যু হলো।
মাহতাবের বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া জানান, তিনিই প্রতিদিন মাহতাবকে স্কুলে আনা-নেওয়া করতেন। সোমবারও ছেলেকে আনতে যান তিনি। কিন্তু বিমান বিধ্বস্তের আগুনে দগ্ধ হয় সে। পরবর্তীতে দগ্ধ অবস্থায় সেনাবাহিনী তাকে উদ্ধার করে। এরপর হাসপাতালে নিয়ে যায়।