উজান ঢলে তিস্তার পানি ফের বৃদ্ধি

উজান ঢলে তিস্তা নদীর পানি ফের বৃদ্ধি পেয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে একই পয়েন্টে তিস্তার পানি সকাল ৬টায় ও ৯টায় বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচে ছিল। যা ছয় ঘণ্টার ব্যবধানে বিপদসীমা অতিক্রম করে ৪৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি উজানের ঢলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের বন্যা পুর্বাভাস ও সর্তকীকরণ কেন্দ্র সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তায় দ্বিতীয় দফায় বন্যা দেখা দিয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রেখে সতর্কাবস্থায় পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।

এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা অববাহিকার জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার ৩০ হাজার মানুষ পুনরায় বন্যাকবলিত হয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

তারা জানান, তিস্তা নদীর বৃদ্ধির কারণে পুনরায় জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার ১১ টি ইউনিয়নের নদী বেষ্টিত চরগ্রাম ও নিচু এলাকা প্লাবিত হয়েছে। দ্বিতীয় দফায় বন্যা শুরু হলে আরো ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। উজানের পানি চাপে ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চরখড়িবাড়ি এলাকায় স্বেচ্ছাশ্রমে নির্মিত দুই কিলোমিটার দীর্ঘ বালির বাঁধের নতুন করে আরো দুইশত মিটার নদী গর্ভে বিলিন হয়েছে। এর আগে ওই বাঁধের চারশত মিটার নদী গর্ভে বিলিন হয় বলে জানান টেপাখড়িবাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ময়নুল হক।

পানি উন্নয়ন বোর্ডের রংপুরের নির্বাহী প্রকৌশলী মেহেদি হাসান জানান, তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার তিন উপজেলা বন্যা কবলিত হয়ে পড়েছে।

ইত্তেফাক/এমআরএম