জয়পুরহাটের আক্কেলপুরে চালককে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার আক্কেলপুর-জয়পুরহাট সড়কের মাতাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ব্যাটারিচালিত অটোরিকশা চালকের নাম নূর আলম (৪৫)। তিনি আক্কেলপুর পৌরশহরের পশ্চিম আমুট্ট মহল্লার মৃত আব্দুস ছাত্তারের ছেলে। আহত নূর আলম আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।
আক্কেলপুর থানার পরির্দশক (তদন্ত) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার বিষয়ে আহত নূর আলম বলেন, ‘গতকাল বুধবার রাত দশটার পর আক্কেলপুর রেলস্টেশনে যাত্রীর জন্য অপেক্ষা করছিলাম। রাত ১১টার পর একটি ট্রেন যাওয়ার পর পিতা-পুত্র পরিচয়ে দুইজন যাত্রী আমার কাছে আসেন। তারা প্রথমে আমাকে জয়পুরহাট যাব কি-না তা জিজ্ঞাসা করে। পরে তারা জামালগঞ্জ বাজারে যাওয়ার কথা বলেন। আমি জামালগঞ্জ যাওয়ার জন্য রাজি হয়ে দেড়শ ভাড়া চাই। তারা আমাকে একশ টাকা ভাড়া দিতে চান। এতে রাজি হয়ে তাদের দুজনকে আটোরিকশায় তুলে নিয়ে যাচ্ছিলাম। শহরের কিছু দুরে ভাল্কী ব্রিজ অতিক্রম করার পর তাদের একজন ইচ্ছাকৃতভাবে গেঞ্জি সড়কে ফেলে দিয়ে আমাকে অটোরিকশা থামাতে বলেন।
এতে আমার তাদের প্রতি সন্দেহ হলে অটোরিকশার গতি একটু বাড়িয়ে দিয়ে লোকালয়ে যাওয়ার চেষ্টা করি। তখন পিছন দিক থেকে আমার পিঠে পরপর তিনবার ছুরিকাঘাত করলে আমি অটোরিকশা থেকে পড়ে যাই। তারা আমাকে প্রচণ্ড মারধর করে ভ্যান নিয়ে পালিয়ে যায় । পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। অটোরিকশাটি আমার উপার্জনের একমাত্র অবলম্বন। এখন সংসার চালাব কেমনে?’
আহত নূর আলমের স্ত্রী মেনু বেগম বলেন, ‘আমাদের দিন এনে দিনে খাওয়া সংসার। এখন আমার স্বামীও গুরুত্বর অসুস্থ আবার তার অটোরিকশাটি নেই। এখন সংসার চলবে কিভাবে।’
আক্কেলপুর থানার পরির্দশক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, ‘পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আহত ব্যাটারিচালিত
অটোরিকশা চালককে উদ্ধার করেছে। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোন মামলা হয়নি ‘