ফতুল্লায় আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে এসআই আহত

নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে ছরিকাঘাতে আহত হয়েছেন ফতুল্লা থানার এক উপপরিদর্শক (এসআই) সামছুল হক সরকার। 

বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে ফতুল্লার মাসদাইর ঘোষেরবাগ এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ কর্মকর্তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল  হাসপাতালে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সামছুল হক সরকার সঙ্গীয় ফোর্সসহ মাসদাইরের ঘোষেরবাগ এলাকায় ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামি মো. জাহিদকে ধরতে যান। তাকে না পেয়ে ফেরার পথে পেছন থেকে জাহিদের সহযোগীরা এসআই সামছুল হক সরকারের ডান হাতের কনুইয়ের নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পরে পুলিশের আরও একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাদকসহ ছয়জনকে আটক করে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।