বঙ্গোপসাগরে ট্রলারসহ ১১ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি দস্যুদের

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারসহ ১১ জন জেলে অপহরণের শিকার হয়েছেন। এদের মধ্যে ট্রলারের মালিকও রয়েছেন। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ১.৫ লাখ টাকা দাবি করেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা।

গত মঙ্গলবার সকালে লক্ষ্মীপুরের রামগতির টাংকি ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সলেমান নামের এক ব্যক্তির ট্রলার বঙ্গোপসাগরের দিকে যাত্রা করে। ট্রলারে ছিলেন কমলনগর উপজেলার চর ফলকন ও পাটওয়ারীর হাটের ১০ জন জেলে এবং ট্রলারের মালিক সলেমান। আরেকজন ছিলেন নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা।

অপহৃত ট্রলার মালিক সলেমানের ভাই হানিফ মাঝি জানান, সন্দ্বীপের পশ্চিমে খুডার চর এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয়েছে। দস্যুরা মোবাইল ফোনে যোগাযোগ করে রামগতির এক আড়ৎদারের কাছে মুক্তিপণ দাবি করেছে।

হানিফ বলেন, ‘আমার ভাই ও জেলেরা গত মঙ্গলবার সকালে মাছ ধরতে গিয়েছিল। রাতের কোনো এক সময় দস্যুরা ট্রলারসহ সবাইকে ধরে নিয়ে যায়। এখন তারা দেড় লাখ টাকা দাবি করছে।’

এদিকে কমলনগর থানার ওসি মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি। ঘটনাস্থল আমাদের থানার আওতায় না পড়ায় কিছুটা সীমাবদ্ধতা আছে। তবুও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।’

হাতিয়ার নলছিড়া নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ আশীষ চন্দ্র সাহা জানান, ‘ভুক্তভোগীদের পরিবার এখনো লিখিত অভিযোগ দেয়নি। তবে মৌখিকভাবে জানার পর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি এবং উদ্ধারে খোঁজ চলছে।’

পরিবারের সদস্যরা অপহৃতদের নিরাপদ মুক্তির জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করছেন।