পশ্চিম তীর-জর্ডান উপত্যকাকে যুক্ত করতে ইসরায়েলের পার্লামেন্টে প্রস্তাব পাস

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে জর্ডান উপত্যকাসহ পুরো অধিকৃত পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার বিষয়ে একটি প্রস্তাব পাস হয়েছে ।বুধবারের (২৩ জুলাই) এ সিদ্ধান্তে বিষয়টি আলোচনার জন্য পার্লামেন্টের এজেন্ডায় যুক্ত হলো। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন বলছে, প্রস্তাব অনুযায়ী, ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা নেসেটের আলোচনার বিষয়বস্তু থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ১২০ আসনের নেটেসে প্রস্তাবটির পক্ষে ভোট পড়েছে ৭১টি এবং বিপক্ষে পড়েছে ১৩টি।

প্রস্তাবে দাবি করা হয়েছে, ৭ অক্টোবর হামাসের হামলা প্রমাণ করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এতে আঞ্চলিক স্থিতিশীলতাও বিপন্ন হবে বলেও দাবি করা হয়েছে।

১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকা দখল করে নিয়েছিল ইসরায়েল। ৩৮ বছর পর ২০০৫ সালে গাজা থেকে সেনা ও বসতি প্রত্যাহার করেছিল দেশটি। কিন্তু এখন আবার গাজা দখলের পাঁয়তারা করছে।

জর্ডান উপত্যকা অধিকৃত পশ্চিম তীরের পূর্ব অংশে অবস্থিত, যা জর্ডান নদীর পশ্চিম তীরে প্রসারিত একটি উর্বর ও কৌশলগত অঞ্চল। এটি প্রায় ১০ হাজার বর্গকিলোমিটারজুড়ে বিস্তৃত এবং ফিলিস্তিনি কৃষি, জীবনযাপন ও ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ। ইসরায়েল ১৯৬৭ সাল থেকে এই অঞ্চলটিও দখলে রেখেছে।