ভারতের কোচ হতে চেয়েছিলেন বিশ্বকাপজয়ী জাভি

ভারত জাতীয় ফুটবল দলের কোচ হতে চেয়েছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী কিংবদন্তি এবং বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ। এমনটাই জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। তবে বাজেট সমস্যার কারণে জাভিকে বিবেচনা করতে পারেনি এআইএফএফ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, জাভি তার ব্যক্তিগত ইমেইল থেকে একটি অসম্পূর্ণ আবেদন পাঠান, যেখানে যোগাযোগের নম্বরসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য অনুপস্থিত ছিল। 

আইএফএফ-এর জাতীয় দল পরিচালনা বিভাগের পরিচালক সুব্রত পল বলেন, 'হ্যাঁ, জাভির নাম তালিকায় ছিল। তবে বাজেট সীমাবদ্ধতার কারণে তাকে নিয়ে এগোনো সম্ভব হয়নি।'

ভারতীয় ফুটবল ফেডারেশনের এক সদস্য জানান, 'আমরা তাকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারিনি, কারণ তার সম্মানী বহন করা আমাদের পক্ষে সম্ভব ছিল না।'

২০১০ বিশ্বকাপে স্পেনের হয়ে শিরোপা জেতেন জাভি। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে খেলেছেন তিনি। অবসর নেওয়ার পর তিনি বার্সার ডাগআউটে দাঁড়ান। ২০২৪ সালের মে মাসে বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর থেকে নতুন প্রকল্পে আগ্রহ প্রকাশ করে আসছেন এই স্প্যানিশ তারাকা।