বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের হত্যাচেষ্টার অভিযোগে চারজন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের হত্যাচেষ্টার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

শুক্রবার (২৫ জুলাই) র‍্যাব-২-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে র‍্যাব-২-এর গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক খান আসিফ তপু বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার চারজন হলেন—শাহীন, মো. গুড্ডু (৩৮), শফিকুল ইসলাম (৪৮) ও মো. সেলিম (৩২)। তাদের মধ্যে শাহীন যুবলীগের পদপ্রত্যাশী ছিলেন এবং মোহাম্মদপুরের সাবেক কমিশনার রাজীব ও সন্ত্রাসী যোসেফের ঘনিষ্ঠ সহযোগী বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাব-২-এর ভাষ্য অনুযায়ী, শাহীন ও সেলিমের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায়, গুড্ডুর বিরুদ্ধে আদাবর থানায় এবং শফিকুলের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টার ঘটনায় এ মামলাগুলো দায়ের করা হয়।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২৪ জুলাই) মোহাম্মদপুর ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, সম্প্রতি সরকারবিরোধী কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন।

র‍্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।