মাইলস্টোন ট্র্যাজেডি

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেল কুড়ালগাছির মাহিয়া 

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া তাসনিমের (১৩)। শুক্রবার (২৫ জুলাই) সকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের স্থানীয় কবরস্থানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

মাহিয়ার মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলার কুড়ালগাছি ও মেহেরপুরের জয়পুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। অশ্রুসিক্ত নয়নে প্রিয় সন্তান, শিক্ষার্থী, এবং আত্মীয়াকে বিদায় জানায় পরিবার ও প্রতিবেশীরা।

মাহিয়া চুয়াডাঙ্গা জেলার কুড়ালগাছি গ্রামের মৃত ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর মেয়ে। রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে মা বিউটি আক্তারের সঙ্গে থাকতেন। পড়াশোনা করতেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে।

গত সপ্তাহে মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া দুর্ঘটনায় মারাত্মক দগ্ধ হন মাহিয়া। শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়। এরপর তাকে ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে, যেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় তার মৃত্যু হয়।

মৃত্যুর পর প্রথমে মাহিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয় তার পৈতৃক নিবাস কুড়ালগাছি গ্রামে। পরে শুক্রবার সকালে নিয়ে যাওয়া হয় তার নানাবাড়ি মুজিবনগরের জয়পুর গ্রামে, যেখানে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

এই করুণ মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে শোক ও ক্ষোভের প্রতিক্রিয়া। অনেকেই প্রশ্ন তুলেছেন, কিভাবে এমন দুর্ঘটনা ঘটে চলেছে শিক্ষা প্রতিষ্ঠানে। মাহিয়ার সহপাঠী, শিক্ষক এবং এলাকাবাসীরা একে ‘অসহনীয় ও প্রতিরোধযোগ্য’ ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছেন।