হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান খোকন বয়াতি গ্রেপ্তার

মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খোকন বয়াতি-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত দেড়টার দিকে তার গ্রামের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলী জানান, সারাদেশে চলমান ১০ দিনের বিশেষ অভিযানের অংশ হিসেবে জিআর মামলা নম্বর ১৩৯/২৫-এর গ্রেপ্তারি পরোয়ানায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে ডিবির একটি গাড়িতে করে আদালতে পাঠানো হয়।

শিবচর থানা পুলিশ সূত্রে জানা গেছে, খোকন বয়াতির বিরুদ্ধে একাধিক হত্যা মামলা ও একটি বিষ্ফোরক আইনে দায়ের করা মামলা রয়েছে। এ মামলাগুলোর একটির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতেই এই অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্র জানায়, আসাদুজ্জামান খোকন বয়াতি শুধু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই নন, তিনি বাঁশকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন। বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার সময়েও তিনি সক্রিয়ভাবে দলকে সুসংগঠিত রাখার চেষ্টা করছিলেন। তবে তার বিরুদ্ধে মামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকাজুড়ে বিতর্ক বিরাজ করছিল।

ওসি আজহার আলী বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির কারণে এলাকায় শৃঙ্খলা বিঘ্ন ঘটার আশঙ্কা ছিল। তাই তাকে গ্রেপ্তার করে দ্রুত আদালতে পাঠানো হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে।