দিনদুপুরে দিনমজুরকে জবাই করে হত্যা, স্ত্রী ও ছেলে পলাতক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে নিজ বাড়ির বারান্দায় মনিরুল ইসলাম ফেলা (৫২) নামে এক দিনমজুরকে জবাই করে হত্যা করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর দেড়টার মধ্যে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পাপিয়া খাতুন (৪৫) ও ছেলে রাজু (২৩) পলাতক রয়েছেন।

জানা গেছে, দুই মাস আগে জীবননগরের বালিহুদা গ্রাম ছেড়ে পাশের মাধবপুর গ্রামে একটি টিনশেড আধাপাকা ঘর নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন মনিরুল। তিনি পেশায় মাটি কাটার শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, ঘটনার দিন দুপুরে রাজু মাধবপুর গ্রামের এক অজ্ঞাত ব্যক্তিকে ফোন করে জিজ্ঞেস করেন, তার বাবা মারা গেছেন কিনা। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী মনিরুলের বাড়িতে গিয়ে বারান্দায় তার জবাইকৃত মরদেহ পড়ে থাকতে দেখেন। ওই সময় বাড়িতে তার স্ত্রী ও ছেলের কোনো খোঁজ মেলেনি। ফলে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার সঙ্গে তারা জড়িত থাকতে পারেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে এবং পলাতকদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।