২০২৫ সালের প্রথম ছয় মাসে নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে অপুষ্টির কারণে কমপক্ষে ৬৫২ জন শিশু মারা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা 'ডক্টরস উইদাউট বর্ডারস'। শুক্রবার (২৫ জুলাই) সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক দাতারা তহবিল হ্রাসের কারণে এসব মৃত্যু ঘটেছে।
নাইজেরিয়ার উত্তরে অবস্থিত কাটসিনা রাজ্যটি নিরাপত্তাহীনতায় জর্জরিত। ডক্টরস উইদাউট বর্ডারস এক বিবৃতিতে বলেছে, 'আমরা বর্তমানে বিশাল বাজেট কাটছাঁট প্রত্যক্ষ করছি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে - যা অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসার উপর প্রকৃত প্রভাব ফেলছে।'
এর আগে গত বুধবার জাতিসংঘের খাদ্য সংস্থা জানিয়েছে, তারা জুলাইয়ের শেষে নাইজেরিয়ার বিদ্রোহ-কবলিত উত্তর-পূর্বাঞ্চলের ১৩ লাখ মানুষের জন্য খাদ্য ও পুষ্টি সহায়তা স্থগিত করতে বাধ্য হবে। কারণ, খাদ্যের মজুদ শেষ হয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতে তহবিল প্রত্যাহারের ফলে ঘাটতি প্রকটভাবে দেখা দিয়েছে। এটি পূরণ করতে নাইজেরিয়া চলতি বছর ২০০ বিলিয়ন নাইরার বাজেট দিয়েছে।
ডক্টরস উইদাউট বর্ডারস জানিয়েছে, কাটসিনায় সবচেয়ে তীব্র অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় এ বছর প্রায় ২০৮% বৃদ্ধি পেয়েছে। দুর্ভাগ্যবশত ২০২৫ সালের শুরু থেকে আমাদের সাইটগুলোতে ইতোমধ্যেই ৬৫২ জন শিশু মারা গেছে।
প্রসঙ্গত, কাটসিনায় ব্যাপকভাবে ডাকাতি ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতার কারণে অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে - নিজেদের বাড়িঘর, খামার ছেড়ে দিতে বাধ্য করেছে। স্থানীয় বেসামরিক নজরদারি গোষ্ঠীগুলোর সঙ্গে সরকার দস্যুদের কার্যকলাপ নিয়ন্ত্রণে লড়াই করে যাচ্ছে।