সাগরে নিম্নচাপের কারণে গত তিনদিন ধরে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে সেন্টমার্টিনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ১-৩ ফুট বেড়েই যায়। সেই সঙ্গে পানির ঢেউয়ের ধাক্কার আঘাতে চরের পাশে থাকা বাড়ি-ঘরে পানি ঢুকে পড়ছে এবং গাছপালার ক্ষয়-ক্ষতি হচ্ছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, বৈরী আবহাওয়ার কারণে গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে নৌযান চলাচল করতে পারবে।
সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, টেকনাফ নৌ-ঘাট থেকে কোনো সার্ভিস ট্রলার, যাত্রী কিংবা নিত্য পণ্যের কোনো মালামাল দ্বীপে যেতে পারছেনা। এর কারণ হলো বৈরী আবহাওয়ায় সাগর অনেক উত্তাল। সেই জন্য উপজেলা প্রশাসন থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফয়েজুল ইসলাম বলেন, তিনদিন ধরে নৌযান চলাচল বন্ধ। টেকনাফ থেকে কোনো পণ্য দ্বীপে আসতে পারছেনা। এ জন্য বাজারে খাদ্য সংকট দেখা দিয়েছে। সেন্টমার্টিন থেকে পারিবারিক কাজে টেকনাফ ও কক্সবাজার শহরে গিয়ে আটকা পড়েছেন দু'শতাধিক মানুষ।
তিনি আরও বলেন, দ্বীপের চারপাশে জিও ব্যাগসহ শক্ত করে বাধ দেওয়া দরকার। নাহলে পানির ঢেউয়ের ধাক্কার আঘাতে সেন্টমাটিন দ্বীপ রক্ষা করা কঠিন হয়ে পড়বে।