দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট এলাকায় দীর্ঘদিনের বেহাল সড়ক ও জলাবদ্ধতার সমস্যার সমাধান দাবিতে মানববন্ধন ও ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
রোববার (২৭ জুলাই) দুপুর ১টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে সড়কে যান চলাচলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, পুরাতন ইউনিয়ন পরিষদসংলগ্ন সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা। ফলে স্কুলগামী শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চালকরা চরম দুর্ভোগে পড়ছেন।
তারা আরও বলেন, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়ে শান্তিপূর্ণভাবে সড়কে নেমে প্রতিবাদ জানাতে হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য আরফিন আরিফ, ভোগনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম, কবিরাজহাট প্রজন্ম ক্লাবের সভাপতি এমরান হোসেন রায়হান, নূরানী মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেন ও লুৎফর রহমানসহ আরও অনেকে।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান ও ইউপি সদস্য রয়েল। মোবাইল ফোনে আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ।
তারা দ্রুত সড়ক সংস্কার ও ড্রেনেজ সমস্যার সমাধানের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এলাকাবাসী জানিয়েছেন, যদি দ্রুত সমস্যা সমাধান না হয়, তবে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।