গ্রিসের বলিভার সৈকতে ছুটিতে যাওয়া এক ইসরায়েলি পর্যটককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক সিরীয় নাগরিকের বিরুদ্ধে। হামলায় ইসরায়েলি পর্যটক স্টাভ বেন-সুসানের কান ছিঁড়ে যাওয়ার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত হচ্ছে।
ঘটনার সময় বেন-সুসান তার স্ত্রীকে নিয়ে গ্রিসের অ্যাথেন্সিয়ান রিভেরায় অবস্থান করছিলেন। অভিযোগ অনুযায়ী, এক ব্যক্তি তাদের ভিডিও করছিলেন এবং "ফ্রি ফিলিস্তিন" ও "ইসরায়েল নিপাত যাক"—এমন স্লোগান দিচ্ছিলেন।
পরিস্থিতি উত্তপ্ত হলে সিরীয় নাগরিক বালু ছুড়ে মারেন, আর ইসরায়েলি পর্যটক পাল্টা ধাক্কা দেন। নিরাপত্তা কর্মীরা এসে তাদের আলাদা করে দেন।
চ্যানেল-১২-এর তথ্য অনুযায়ী, ঘটনার প্রায় এক ঘণ্টা পর বেন-সুসান ও তার স্ত্রী বাথরুম থেকে বের হলে সিরীয় নাগরিক আবার আক্রমণের চেষ্টা করেন। এই সময় বাধা দিতে গেলে তিনি বেন-সুসানের একটি কান কামড়ে ছিঁড়ে ফেলেন।
ঘটনার পর স্থানীয় পুলিশ ইসরায়েলি পর্যটককেই সাময়িক হেফাজতে নেয়, কারণ তার বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে। ঘটনায় সৈকত এলাকায় অন্যান্য পর্যটকদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।