সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর থেকে তালগাছি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ অর্ধেক পথ গিয়ে বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। বর্ষা মৌসুমে সড়কটি এখন রীতিমতো কাদার খালে পরিণত হয়েছে। বন্ধ রয়েছে স্কুলভ্যান, সিএনজি ও জরুরি অ্যাম্বুলেন্স চলাচল।
স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন অবহেলিত থাকার পর এই সড়কের সংস্কার কাজ শুরু হলেও হঠাৎই মাঝপথে বন্ধ হয়ে যায়। এরপর থেকে আর কোনো কাজ হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান নেই, নেই কোনো কর্তৃপক্ষের নজরদারি। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এখন পরিণত হয়েছে হতাশায়।
বৃষ্টিপাত শুরু হলে রাস্তায় তৈরি হয় জলাবদ্ধতা। রাস্তার গর্তে জমে থাকা পানি একে পুকুরের রূপ দিয়েছে। ভ্যান-সিএনজি তো বটেই, অ্যাম্বুলেন্সও আটকে যাওয়ার ঘটনা ঘটছে। ফলে অসুস্থ রোগী, স্কুলগামী শিশু, কৃষকেরা সবাই পড়েছেন দুর্বিষহ অবস্থায়।
স্থানীয় কৃষক খাইরুল ইসলাম বলেন, বাজারে ফসল নিতে গিয়ে ভ্যান কাদায় আটকে যায়। মাঝপথে নামতে হয়। সময় নষ্ট হয়, পণ্যেরও ক্ষতি হয়।
প্রবীণ বাসিন্দা আব্বাস আলী বলেন, ভোটের সময় নেতারা রাস্তা পাকা করার কথা বলেন। এখন কাজ বন্ধ—কেউ খোঁজ নেয় না।
স্থানীয়দের অভিযোগ, কাজ শুরুর সময় থেকেই গতি ছিল ধীর। বাজেট বরাদ্দ থাকা সত্ত্বেও কর্তৃপক্ষের নজরদারির অভাব এবং ঠিকাদারের গাফিলতিতেই কাজ থেমে গেছে।
উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. শহীদুল্লাহ বলেন, বর্ষার কারণে আপাতত কাজ বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে দ্রুতই কাজ শুরু হবে।
এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ কমাতে দ্রুত কাজ শুরুর জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও এলজিইডিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।