চার দিন পর সেন্ট মার্টিনে নৌযান চলাচল শুরু, পৌঁছাল খাদ্য

টানা চার দিন বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ–সেন্ট মার্টিন নৌপথে আবারও নৌযান চলাচল শুরু হয়েছে। এর ফলে সেন্ট মার্টিনে পৌঁছেছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও সেখানে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীরা।

সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দুটি ইঞ্জিনচালিত সার্ভিস ট্রলার—এসবি রাফিয়া ও এসবি আশিক—৭৭ জন যাত্রী ও খাদ্যসামগ্রী নিয়ে টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে ২৪ জুলাই থেকে ওই নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় নৌযান চলাচল পুনরায় শুরু হয়েছে।

সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি রশিদ আহমেদ বলেন, 'নিম্নচাপ ও অমাবস্যার কারঁরা সমুদ্র ছিল খুবই উত্তাল। সে জন্য বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত কোনো নৌযান চলেনি। তবে আজ দুটি ট্রলার ছেড়েছে।'

ঘাটের টিকিট বিক্রেতা মোহাম্মদ ওমর ফারুক জানান, আবহাওয়া অনুকূলে আসায় দুটি ট্রলার ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে। এতে ৭৭ জন যাত্রী ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী রয়েছে। যাত্রীরা সবাই সেন্ট মার্টিনের বাসিন্দা, যারা বৈরী আবহাওয়ার কারণে টেকনাফে আটকে ছিলেন।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, 'চার দিন ধরে নৌ চলাচল বন্ধ থাকায় দ্বীপে খাদ্যসংকট দেখা দিয়েছিল। আজ নৌযান চলাচল শুরু হওয়ায় সেই সংকট কেটে যাবে।'

তিনি আরও বলেন, “বৈরী আবহাওয়ার কারণে প্রায়ই দ্বীপবাসীদের ভোগান্তি পোহাতে হয়। তাই দ্রুত এই নৌপথে সি-ট্রাক ও সি-অ্যাম্বুলেন্স চালুর দাবি জানাই।”