রাঙ্গামাটিতে ভারি বৃষ্টি: কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, শিশুসহ আহত ৫

রাঙ্গামাটিতে রোববার রাত থেকে টানা ভারি বৃষ্টির কারণে সোমবার সকালে শহরে একটি বসতঘরের দেয়াল ধসে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের পেছনের এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—রোজি আক্তার (৪০), মো. কুদ্দুস (৩৫), রানা (৯), সাদিয়া (৪) ও তাবাসসুম (৪)।

খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও রেসকিউ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এদিকে, কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ছোটডলু বড়ইছড়ি বটতলী সড়কের একটি কালভার্ট ধসে পড়ে এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে প্রায় এক হাজারেরও বেশি পরিবার দুর্ভোগে পড়েছে।

অব্যাহত বৃষ্টির ফলে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক এবং কাউখালী-ঘাগড়া সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ছোটডলু বড়ইছড়ি বটতলী সড়কে বিকল্প উপায়ে যোগাযোগ ব্যবস্থা সচল করার কাজ শুরু হয়েছে। পাশাপাশি পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার জন্য বলা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।