রাজবাড়ীর পাংশায় শোবার ঘর থেকে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বড়খোলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ইউনিয়ন পরিষদের সদস্য মো. লিয়াকত আলী মোল্লা।
মৃত্যু হওয়া কৃষকের নাম মো. আক্কাস আলী মণ্ডল (৫০)। তিনি বড়খোলা গ্রামের বাসিন্দা।
ইউপি সদস্য মো. লিয়াকত আলী মোল্লা জানান, আক্কাস আলী রাতে ঘুমানোর জন্য শোবার ঘরে যান। রাত আনুমানিক ১১টার দিকে তার পায়ে সাপ কামড়ে। সে সময় আক্কাস আলী তার স্ত্রীকে বলে পায়ে কিছু কামড় দিয়েছে। স্ত্রী প্রথমে ভেবে ছিলেন ইঁদুর কামড় দিয়েছে বলে বলেন, ‘ইদুর কামড়তে পারে, ঘুমাও’।
কিন্তু দুই ঘণ্টা পর আক্কাস আলী বমি করতে শুরু করলে ঘরে আলো জ্বেলে দেখা যায় দুইটি বিষধর সাপ। পরে স্থানীয় কবিরাজকে ডেকে এনে ঝাড়ফুক করানো হয়। রাত ৩টার দিকে হাসপাতালে নেওয়ার পথে আক্কাস আলীর মৃত্যু হয়।
এ বিষয়ে কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া গেছে।