রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ ৩ জন রোগী বর্তমানে আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তাদের মধ্যে একজন রয়েছেন লাইফ সাপোর্টে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন সোমবার (২৮ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, “এখনও ৩৩ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে ২৭ জনই শিশু। তাদের মধ্যে ৩ জনকে আইসিইউতে রাখা হয়েছে। এছাড়া ৯ জন গুরুতর (সিভিয়ার) অবস্থায় আছেন।”
পরিচালক জানান, আজ আরও ৩ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা থাকলেও, খারাপ আবহাওয়া ও চিকিৎসা প্রক্রিয়ার কারণে তা স্থগিত করা হয়েছে। তিনি আরও বলেন, চলতি সপ্তাহে পর্যায়ক্রমে আরও কয়েকজনকে ছাড়পত্র দেওয়া হবে।
দগ্ধদের চিকিৎসায় সহায়তাকারী সিঙ্গাপুর, চীন ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকেরা ইতোমধ্যে নিজ নিজ দেশে ফিরে গেছেন বা যাচ্ছেন।
বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে মোট ৪৫ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে: জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে: ৩৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ): ১১ জন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে: ১ জন।
এছাড়া এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩৪ জন: বার্ন ইনস্টিটিউটে: ১৮ জন, সিএমএইচে: ১৪ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে: ১ জন, ইউনাইটেড হাসপাতালে: ১ জন।