ব্রাজিলিয়ান কোচের হাতে বসুন্ধরা কিংস

প্রিমিয়ার ফুটবল লিগে বড় দলগুলোর ঘর গোছানো সম্পন্ন প্রায়। দুই দিন হয়ে গেল অনুশীলনেও নেমে গেছে কিংস ফুটবলাররা। দলে আসছেন নতুন কোচ। এবার ইউরোপিয়ান কোচের বদলে দক্ষিণ আমেরিকায় হাত দিয়েছে। ব্রাজিল থেকে কোচ আসছেন কিংসে। আজ-কালই পৌঁছে যাবেন ঢাকায়। তাকে গ্রহণ করার প্রস্তুতি কিংসের ঘরে। সার্জিও ফারিয়াস ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ এবং এবং অনূর্ধ্ব-২০ জাতীয় দলের কোচ ছিলেন। ব্রাজিলের ভাস্কো দ্যা গামা, পেলে ও নেইমারের ক্লাব সান্তোস ক্লাবের কোচও ছিলেন তিনি। ২০০৪ সালে ব্রাজিলে চতুর্থ সেরা কোচের উপাধি পেয়েছেন সার্জিও ফারিয়াস।

প্রো-লাইসেন্সধারী এই কোচের বায়োডাটা খুব শক্তিশালী। লাতিন ফুটবল ছাড়াও এশিয়ার ক্লাব ফুটবলে কাজ করার অনেক অভিজ্ঞতা রয়েছে। সৌদি আরব, চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, লিবিয়া, আরব আমিরাত, কাতার, কুয়েত করার অভিজ্ঞতা রয়েছে। এশিয়ায় তার খ্যাতি ছিল। ক্লাব ফুটবলে এএফসি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। এশিয়াতেই মূলত তার সাফল্য বেশি।

এই কোচকে এক বছরের জন্য চুক্তি করার কথা জানিয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন ভারতের ইস্ট বেঙ্গল ক্লাবের দায়িত্ব নেওয়ার পর রোমানিয়ার কোচ ভ্যালেরি তিতে বসুন্ধরা কিংসের দায়িত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু তার কাছ থেকে সাফল্য পাওয়া যায়নি। গত মৌসুমে দুইটি ট্রফি পেয়েছে কিংস। চ্যালেঞ্জ লিগ এবং ফেডারেশন কাপ ফুটবল। লিগ ট্রফিটা হারিয়ে লিগে তৃতীয় হয়েছে এবার। ভ্যালেরি তিতেকে ছেড়ে দেওয়া প্রসঙ্গে ইমরুল হাসান বলেন, 'এই কোচ ভালো ছিল। তার বায়োডাটা দেখেই তো নেওয়া হয়েছিল কিন্তু ক্লিক করেনি।'

ইউরোপীয়ান কোচ ছেড়ে লাতিনে যাওয়া প্রসঙ্গে ইমরুল জানিয়েছেন, সার্জিও ফারিয়াস ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ এবং ২০ দলের দায়িত্ব পালন করেছেন। আশা করি ভালো হবে। এক মৌসুম কাজ করুক। যদি ভালো হয় তাহলে পরবর্তী ভাবনা।' তবে ইমরুলের দাবি গতবারের চেয়ে এবার আরও ভালো দল হয়েছে। এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে যাবে বসুন্ধরা কিংস। কথা ছিল বাংলাদেশ থেকে কোটা ছিল ১টা লিগ চ্যাম্পিয়ন হিসেবে মোহামেডান শর্ত পূরণ করতে না পারায় তারা অংশগ্রহণ করতে পারেনি। লিগ রানার্সআপ হিসেবে আবাহনী খেলবে। এশিয়ার আরেকটি দল নাম এন্ট্রি করতে না পারায় বসুন্ধরা কিংসের সুযোগ এসেছে এএফসিতে খেলার। গতবারই বাদ পড়েছিল বসুন্ধরা কিংস। এবার সুযোগটা পেয়ে কাজে লাগাতে চায়। 

আগামী ১২ আগস্ট ঢাকায় আবাহনীর ম্যাচ, একই দিন কাতারের দোহায় নিরপেক্ষ ভেন্যুতে বসুন্ধরা কিংসের ম্যাচ। সেই ম্যাচকে সামনে রেখে ব্রাজিলিয়ান কোচকে দ্রুত ঢাকায় আসার কথা জানিয়েছে কিংস।

কিংস এক সময় টাকার বস্তা খুলে দিয়েছিল খেলোয়াড়দের সামনে। সাইড বেঞ্চে বসা ফুটবলারও ছিলেন জাতীয় দলের। টাকার মোহ ফুটবলারদের সরিয়ে আনতে পারেনি। অনেকেই ক্যারিয়ার নষ্ট করছিলেন বেঞ্চে বসে বসে। ইমরুল হাসান জানিয়েছেন, অন্যান্য ক্লাবের মতো ৩৫ জন ফুটবলার রেজিস্ট্রেশন করায় বসুন্ধরা কিংস। অযৌক্তিক কাউকে টাকা দেওয়া হয় না। কাউকেই যোগ্যতার চেয়ে বেশি পারিশ্রমিক দেওয়া হয় না। তিনি বলেন, 'যে ফুটবলার পারফরম্যান্স করতে পারবে না, সে তো বসেই থাকবে। আমি তো ১১ জনের বেশি একাদশ করতে পারবো না। রিজার্ভ বেঞ্চও শক্তিশালী করতে হবে। সবকিছু ভেবেই আমাদেরকে দল সাজাতে হয়। বসুন্ধরা আর ফকিরাপুল বলেন একই কথা, ৩৫ জনের বেশি রেজিস্ট্রেশন হবে না।

আর এবার বাজেট কমিয়ে এনেছে বসুন্ধরা কিংস। গত মৌসুমে উচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলাররা এখন অনেক কম পাচ্ছেন। তবুও তারা মেনে নিয়েছেন। চারজন বিদেশি ফুটবলার দলভুক্ত করা হয়েছে। ব্রাজিলিয়ান ডরিয়েলটন, খেলেছেন ২০২২-২৪ মৌসুমে। চলে গিয়েছিলেন ভারতের ক্লাব ফুটবলে। দুই ক্লাবে খেলে ২১ গোল করা ডরিয়েলটনকে আবার ফিরিয়ে এনেছে। আবাহনী থেকে ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্তকে নিয়েছে। আর হাত দিয়েছে মোহামেডানের ঘরে। মোহামেডানকে লিগ চ্যাম্পিয়ন করা নাইজেরিয়ান সানডে এবং টনিকে নিয়েছে কিংস। 

ক্লাব সভাপতি বললেন, 'গতবার বিদেশিদের দিয়ে আমাদের অভিজ্ঞতা ভালো না। যাদের নিয়েছিলাম, কেউ আশানুরূপ কিছু করতে পারেনি। এজন্যই যারা ঢাকার মাঠে পরীক্ষিত, তাদেরকেই নেওয়া হয়েছে।' দেশি ফুটবলারদের মধ্যে খুব বেশি পরিবর্তন করা হয়নি। একাডেমির অনূর্ধ্ব-১৮ দলের প্রায় ১০ জন ফুটবলার নেওয়া হয়েছে। আবাহনীর উইংয়ের শাহরিয়ার ইমনকে নেওয়া হয়েছে। পুরোনো প্রায় সব ফুটবলার রয়েছেন। শেখ মোরসালিনসহ সাত ফুটবলার ছেড়ে দিয়েছে। কমিয়ে ফেলেছে সংখ্যা। তার পরও গতবারের চেয়ে ভালো দল মনে করছেন কিংস সভাপতি।