মিরপুরের উইকেট নিয়ে চিন্তিত বুলবুল

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ও একাডেমির উইকেট নিয়ে চিন্তিত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গতকাল বিসিবিতে এসে আগে বিভিন্ন জায়গার উইকেট খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন তিনি। এর আগে মিরপুরের উইকেট নিয়ে একাধিকবার বলেছেন, ক্রিকেটের জন্য এটা আদর্শ উইকেট না। সিলেট, চট্টগ্রাম কিংবা রংপুর, বগুড়ার উইকেটের প্রশংসা করলেও সেখানে চ্যালেঞ্জ দেখছেন তিনি।

আমিনুল ইসলাম বুলবুলের মতে, মিরপুরে ক্রিকেটারদের সহায়ক কোনো উইকেট নেই। ঢাকার বাইরে বেশকিছু স্থানে ভালো উইকেট থাকলেও সেগুলো রক্ষণাবেক্ষণে চ্যালেঞ্জ রয়েছে। এবার মিরপুরের উইকেট নিয়ে গতকাল কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গেও কথা বলেছেন তিনি। শুরুতে বুলবুল দেখেছেন একাডেমি মাঠের উইকেটগুলো, যেখানে ক্রিকেটাররা অনুশীলন করেন। পরে তিনি মূল মাঠের উইকেট পর্যবেক্ষণ করেন।

উইকেট নিয়ে বিসিবি সভাপতির এমন তদারকির বিষয়ে ইফতেখার রহমান মিঠু বলেছেন, 'তিনি শুরু থেকেই মিরপুরের উইকেট নিয়ে কথা বলে আসছেন। কালো মাটির উইকেটে কিছুক্ষণ বল গড়ানোর পরে সাদা বলও কালো হতে শুরু করে। এতে ব্যাটারদের মোকাবিলা করতে সমস্যা হয়। এখান থেকে কীভাবে সমাধান বের করা যায় সেটি নিয়েই কাজ করা হচ্ছে।'

সবশেষ বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজেও কথা উঠেছে মিরপুরের উইকেট নিয়ে। বাংলাদেশি ক্রিকেটাররা এই উইকেটকে এগিয়ে রাখলেও পাকিস্তানের ক্রিকেটাররা অভিযোগ তুলেছিলেন, এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি এমন উইকেটে সম্ভব না। সেই সিরিজ শেষেই মিরপুরের উইকেটগুলো খুব কাছ থেকে দেখলেন বুলবুল। 

বাংলাদেশের প্রথম এই টেস্ট সেঞ্চুরিয়ান জানেন, বৈশ্বিক আসরে ভালো করতে চাইলে ভালো উইকেটের কোনো বিকল্প নেই। ভালো উইকেটে অনুশীলন করতে পারলে বড় অঙ্গনে কাজটাও সহজ হয়ে যাবে। সেজন্যই হয়তো মিরপুরের উইকেট নিয়ে চিন্তিত বুলবুল। অকপটে নিজের চিন্তার কথাও বুলবুল বলেছেন। 'ক্রিকেটারদের ভালো করার জন্য দরকার ভালো উইকেট। মিরপুরের উইকেট আদর্শ উইকেট না। এখানে ক্রিকেটাররা অনুশীলন করলে তাদের ব্যাট ভেঙে যায়, ব্যাটিং করতে পারে না। কোনো আত্মবিশ্বাস পায় না ক্রিকেটাররা এই ধরনের উইকেটে।' 

নিজে ক্রিকেটার হওয়ার কারণে বর্তমান ক্রিকেটারদের আক্ষেপের বিষয়টি তার বুঝতে বেশি কষ্ট হয় না। উইকেটের মান উন্নত করার জন্য প্রাথমিকভাবে নিজেই পরখ করেছেন বর্তমান অবস্থা। হয়তো শিগগিরই ভালো উইকেট বাস্তবায়নের জন্য কাজ করবেন।