অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপের ড্র, নেই বাংলাদেশের কেউ

আগামী বছরের ১-২১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়া কাপ। মঙ্গলবার (২৯ জুলাই) সিডনিতে ১২ দলের এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে। এই ড্র’তে স্বাগতিক অস্ট্রেলিয়া ও এএফসি অংশগ্রহণকারী সকল দেশের অধিনায়ক ও কোচকে আমন্ত্রণ জানিয়েছিল। প্রথমবার নারী এশিয়া কাপে সুযোগ পাওয়া বাংলাদেশের কেউ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে না। 

গতকাল অংশগ্রহণকারী দলগুলোর কোচ, খেলোয়াড়রা ট্রফি নিয়ে ফটোসেশন করে। সেখানে স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়া, তাইওয়ান,ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও ভিয়েতনামের প্রতিনিধি উপস্থিত ছিল। বাংলাদেশের পাশাপাশি জাপান, উত্তর কোরিয়া, ইরান ও ফিলিপাইন ফটোসেশনে অনুপস্থিত।

এশিয়ান ফুটবল কনফেডারেশন অনেক টুর্নামেন্টের ড্র তাদের সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরেই করে থাকে। তবে নারী এশিয়ান কাপের ড্র অনুষ্ঠান একটু জমকালোভাবে সিডনি সময় সন্ধ্যা সাতটায় হারবারের সামনে করছে। 

বাংলাদেশ কখনো এশিয়ান কাপের ড্রতে আমন্ত্রণ পায়নি। মহাদেশীয় মঞ্চে বাংলাদেশের পরিচিতি ও সম্মানিত হওয়ার সুযোগ আসলেও বাফুফে সেটা কাজে লাগায়নি।

সুযোগ পেয়েও এমন অনুষ্ঠানে উপস্থিত না থাকা প্রসঙ্গে কোনো কথা বলতে রাজি হননি বাফুফে নির্বাহী সদস্য ও নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কোর্টে বল ঠেলে দিয়ে তিনি বলেন, ‘এই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। সভাপতিকে জিজ্ঞেস করতে পারেন।’

এশিয়া কাপের ড্র’তে বাংলাদেশ চার নম্বর পটে রয়েছে। একই পটে থাকায় ভারত ও ইরানের গ্রুপে পড়বে না পিটার বাটলারের শিষ্যরা। এক নম্বর পটে আছে অস্ট্রেলিয়া, জাপান ও উত্তর কোরিয়া। এই তিন দলের একটির সঙ্গে বাংলাদেশকে খেলতে হবে। দ্বিতীয় পটে রয়েছে চীন, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। ভাগ্যসুপ্রসন্ন হলে বাংলাদেশ ভিয়েতনামের গ্রুপে পড়তে পারে।