অস্কারজয়ী ছবিতে কাজ করা ফিলিস্তিনি কর্মীকে হত্যা করল ইসরায়েলিরা

অস্কার পাওয়া ডকুমেন্টারি ফিল্ম 'নো আদার ল্যান্ড'-এ কাজ করা বিশিষ্ট ফিলিস্তিনি কর্মী ওদেহ হাতালিনকে গুলি করা হত্যা করেছে অবৈধ বসতি স্থাপনকারীরা। সিএনএন জানিয়েছে, সোমবার (২৮ জুলাই) অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীর গুলিতে তিনি মারা যান।

পশ্চিম তীরের ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং সামরিক আক্রমণের চিত্রায়ন নিয়ে নির্মিত 'নো আদার ল্যান্ড' গেল ৯৭তম আসরে অস্কার জিতেছিল।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তাদের বাহিনী ঘটনাস্থলে পৌঁছে একজন ইসরায়েলি বেসামরিক নাগরিককে আটক করেছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ যে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, তার পরিচয় প্রকাশ করেনি।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, 'সন্ত্রাসীরা উম্মে আল-খাইর গ্রামের কাছে একটি ইসরায়েলি বসতির কাছে বেসামরিক নাগরিকদের দিকে পাথর ছুঁড়েছে।'

হাথালিনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি প্রথম রিপোর্ট করেন ইসরায়েলি অনুসন্ধানী সাংবাদিক ইউভাল আব্রাহাম, যিনি 'নো আদার ল্যান্ড'-এর সহ-পরিচালক ছিলেন।

আব্রাহাম প্রথমে জানিয়েছিলেন, হাথালিনের শরীরের উপরের অংশে গুলি লেগেছে এবং তার অবস্থা গুরুতর। পরে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তিনি তার আঘাতের কারণে মারা গেছেন।

অনেক বসতি স্থাপনকারী ফিলিস্তিনিদের ওপর সশস্ত্র অবস্থায় হামলা চালায়। ২০২৩ সাল থেকে পশ্চিম তীরে সহিংসতা আরও বেড়েছে।

জাতিসংঘের মতে, তখন থেকে পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারীদের হাতে কমপক্ষে ৯৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ।

ইসরায়েলের পার্লামেন্টের বামপন্থী সদস্য ওফের কাসিফ কর্তৃপক্ষের কাছে ফিলিস্তিনি কর্মী হাতালিনের মৃত্যুর তদন্ত শুরু করার দাবি জানিয়েছেন। ইসরায়েলের অ্যাটর্নি জেনারেলকে লেখা এক চিঠিতে কাসিফ বলেছেন, 'ঘটনাটি প্রকাশ্য দিবালোকে, ক্যামেরার সামনে, আইনি পরিণতির কোন) ভয় ছাড়াই ঘটেছে। এটি আইন প্রয়োগকারী সংস্থা এবং সহিংস বসতি স্থাপনকারীদের ভোগ করা দায়মুক্তির জলজ্যান্ত প্রমাণ।

'নো আদার ল্যান্ড'-এর সহ-পরিচালক এবং ফিলিস্তিনি সাংবাদিক বাসেল আদ্রা ইনস্টাগ্রামে লিখেছেন, 'সে তার গ্রামের কমিউনিটি বসতি স্থাপনকারীর সামনে দাঁড়িয়ে ছিল, ঠিক তখনই একজন বসতি স্থাপনকারী গুলি চালায়, যা বুকে বিদ্ধ হয়ে তার জীবন কেড়ে নেয়। এভাবেই ইসরায়েল আমাদের মুছে ফেলছে - একের পর এক জীবন...।'

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত মাসে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর হাতালিনকে আটক করা হয়। অভিবাসন কর্মকর্তারা তার ভিসা বাতিল করার পর তাকে দেশে ফেরত পাঠানো হয়।

সিএনএন গত মার্চ মাসে রিপোর্ট করেছিল, বসতি স্থাপনকারীরা 'নো আদার ল্যান্ড'-এর আরেক সহ-পরিচালক হামদান বল্লালর ওপরেও হামলা চালিয়েছিল।