হামাসকে গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ছেড়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা।
সোমবার (২৮ জুলাই) নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক সম্মেলনে যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডে 'নিরাপত্তা পুনরুদ্ধারের জন্য হামাসকে' নিরস্ত্র করার দাবিও জানান তিনি।
ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক এক সম্মেলনে মুস্তফা বলেন, 'ইসরায়েলকে গাজা উপত্যকা থেকে সম্পূর্ণরূপে সরে যেতে হবে এবং হামাসকে উপত্যকার ওপর থেকে তার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে। হামাসকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তার অস্ত্র হস্তান্তর করতে হবে।'
এদিকে, সম্মেলন শেষে নিউ ইয়র্কে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।
সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয় - যদি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত হয়, তাহলে কি সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণে আগ্রহী হবে? জবাবে তিনি বলেন, ‘ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে সৌদি স্বীকৃতি সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গেই যুক্ত। গাজায় যখন গণহত্যা, ধ্বংসযজ্ঞ আর মৃত্যু চলছে, তখন এই মুহূর্তে সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে আলোচনা করার কোনো অর্থ বা গ্রহণযোগ্যতা নেই।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, এই সম্মেলনে যেভাবে একমত পোষণ করা হয়েছে, তা আগামী দিনগুলোতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে একটি গতি তৈরি করবে। সেটিই হবে ভবিষ্যতে সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে আলোচনার ভিত্তি।’