নিখোঁজের পর দুই গৃহবধূর লাশ মিলল খালে

লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজের একদিন পর দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে আদিতমারী ফায়ার সার্ভিসের ডুবুরী দল। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা নামক স্থানে একটি ব্রিজের নিচ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা গ্রামের আনছার আলীর স্ত্রী রহিমা বেগম (৬০) ও একই গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মোহসেনা বেগম (৫৮)।

পারিবার সূত্র জানায়, বুধবার (২৪ জুলাই) দুপুর ১২ টার দিকে রহিমা ও মোহসেনা দুজন মিলে বাড়ি থেকে প্রায় পাঁচশ গজ দুরে একটি ক্ষেতে পাটশাক তুলতে যান। এ সময় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি কমার পর বিকেল পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। খুঁজে না পেয়ে পরে আদিতমারী থানা পুলিশকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন: এবার জালে কাঙ্খিত সেই ‘রূপালি স্বপ্ন’

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে ওই এলাকায় আদিতমারী থানা পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল একটি ক্যানেলে অভিযান চালান। পরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দুরে ব্রিজের নিচ থেকে নিখোঁজ দুই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাইফুল ইসলাম জানান, পরিবারের অভিযোগ না থাকলে লাশ হস্তান্তর করা হবে।

ইত্তেফাক/অনি