মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু

জামালপুরে মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আবিদ হাসান (২৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাতে জামালপুর সদর উপজেলার নুরুন্দীর আড়ালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নুরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সাইদুর রহমান। 

নিহত পুলিশ সদস্য আবিদ হাসান ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ইটাচক্রী এলাকার মৃত নওশের আলীর ছেলে । তিনি জামালপুর সদর উপজেলার নুরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, ওই দিন বিকেলে জামালপুর সদর উপজেলার নুরুন্দী তদন্ত কেন্দ্র থেকে সরকারি ডাক নিয়ে মোটরসাইকেল নিয়ে জামালপুর শহরের উদ্দেশ্যে বের হয় পুলিশ সদস্য আবিদ হাসান। এ সময় তিনি নুরুন্দীর আড়ালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আবিদ হাসান। খবর পেয়ে পুলিশ আবিদ হাসানের মরদেহ উদ্ধার করে। তবে দুর্ঘটনার পর চালক ইজিবাইক নিয়ে কৌশলে পালিয়ে যায়।

নুরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সাইদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আবিদ হাসান নামে একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।