রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিলি এলাকায় জমির বিরোধ নিয়ে দুইপক্ষের সংঘর্ঘে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।
স্থানীয় ইউপি সদস্য আবু তৈয়ব জানান, বগাবিলি গ্রামের জনৈক ফজলুল হক ও আমিনুল হকের বাড়ি ভিঠার সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলা বিচারাধীন আছে। বিরোধীয় জায়গায় উভয়পক্ষের কোনপ্রকার কার্যক্রমের ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।
কিন্তু গত বুধবার ফজলুল হকের লোকজন বিরোধীয় জায়গায় ঘর বাঁধতে গেলে প্রতিবেশি আমিনুল হক পক্ষের লোকজন আপত্তি করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে প্রতিপক্ষের লোহার রড, দা, ছুরি, লাঠিসোটার আঘাতে পাঁচজন আহত হয়।
গুরুতর অবস্থায় ৩ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হাশেম (৫৫) নামের একজনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের অপর দুইজন হচ্ছেন নিহতের ছেলে ইকবাল হোসেন (৩২) ও ভাই নবীর আলম (৫৮)।
আরও পড়ুন: সাঘাটায় বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু
এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে রাঙ্গুনিয়া থানা সূত্রে জানা গেছে।
ইত্তেফাক/নূহু