শেরপুরের ঝিনাইগাতীতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আতিকুল ইসলামকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। ২৪ জুলাই বুধবার দুপুরে উপজেলা সদর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। ২৫ জুলাই বৃহস্পতিবার আতিকুলকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আতিকুল উপজেলার গান্দিগাঁও গ্রামের আমির আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৮ বছর আগে আতিকুল প্রতাবনগর গ্রামের ছামেদ আলীর কন্যা শামসুন্নাহারকে (৩২) বিয়ে করে। ইতিমধ্যে শামসুন্নাহার ২ সন্তানের জননী হন। বিয়ের পর থেকেই আতিকুল যৌতুকের দাবিতে স্ত্রী শামসুন্নাহারকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলো।
এক পর্যায়ে ২ মাস আগে আতিকুল ইসলাম যৌতুকের দাবিতে তার স্ত্রী শামসুন্নাহারকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। গত ২৩ জুলাই মঙ্গলবার রাতে আতিকুল তার শ্বশুর বাড়ির ঘরে সিঁধ কেটে প্রবেশ করে। তারপর যৌতুকের দাবি জানায় তার স্ত্রীর কাছে। শামসুন্নাহার অপারগতা প্রকাশ করে এ সময়। তখন আতিকুল তার স্ত্রীর কাছ থেকে সন্তান আসাদকে (৩) ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শামসুন্নহার তাতে বাধা দেন।
এতে আতিকুল ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে তার স্ত্রীকে হত্যার চেষ্টা করে। এতে আহত হন শামসুন্নহার। গুরুতর অবস্থায় তাকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: রাঙ্গুনিয়ায় জমি নিয়ে বিরোধে ১ জন খুন
থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/নূহু