কুমিল্লার দেবিদ্বারে গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত রুবেল হত্যা মামলার সন্দেহভাজন আসামী আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আব্দুল কুদ্দুস (৫০) দেবিদ্বার উপজেলার ৪ নং সুবিল ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত মজু মিয়ার পুত্র। তিনি সুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত ৩টায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস এজহারভূক্ত আসামী না হলেও তাকে ঘটনার দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিরোধী অবস্থানে ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল কুদ্দুস রুবেল হত্যা মামলার সন্দেহভাজন আসামী। ভিডিও ফুটেজে গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিরোধী অবস্থানে থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়।