অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, 'বাংলাদেশ বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। সকলকে ধৈর্য ধরে বিচার প্রক্রিয়া, সংস্কার এবং নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। সারাদেশ এখন জাতীয় ঐক্য গড়ে তোলার অপেক্ষায় রয়েছে।'
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল ৫টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থানে শহীদের স্মরনে নির্মিত ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, ‘তরুণ ছাত্র-জনতা ফ্যাসিবাদ থেকে মুক্তি এবং দেশকে বাঁচানোর জন্য জীবন দিয়েছেন। ছাত্র-জনতার মধ্যে ঐক্য গড়ে তোলার মাধ্যমে ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করা সম্ভব হয়েছে। সেই ঐক্য ধরে রাখতে হবে। স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ বিভাজন ভুলে একাত্ম হওয়ার সুযোগ করে দিয়েছে।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘আমরা দীর্ঘদিন ফ্যাসিবাদী সরকারের অধীনে স্বাধীনতা হারিয়েছি, যার অবসান হয়েছে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে। কিন্তু বৈচিত্র্যের নামে যে বিভাজন তৈরি করা হচ্ছে এর মাধ্যমে পরাজিত শক্তিকে আহ্বান জানানো হচ্ছে।’
উপাচার্য বলেন, ‘যে কোনো অন্যায়ে বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সংগঠিত হয়ে প্রতিবাদ জানিয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে হবে।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) ও ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠান বিষয়ক কমিটির সভাপতি অধ্যাপক সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রব প্রমুখ। ল
এর আগে, এদিন সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ে জহির রায়হান মিলনায়তনে শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ। প্রতিযোগিতায় সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় চারুকলা বিভাগের সভাপতি মোহাম্মদ শামীম রেজাসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়া বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য-২৪ স্মৃতিস্তম্ভ চত্বরে এক অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সনদপত্র প্রদান করা হয় এবং চিত্রকর্ম প্রদর্শনকারী শিক্ষার্থীদের হাতেও সনদপত্র তুলে দেওয়া হয়।