জিমে পিস্তল দেখিয়ে হুমকি, গ্রেপ্তার গায়ক গিল মানু

পাঞ্জাবি সংগীতশিল্পী গিল মানু এক জিমে প্রশিক্ষকের সঙ্গে বচসার জেরে পিস্তল বের করে ভয় দেখানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ‘ফ্রি প্রেস জার্নাল’ জানায়, ঘটনার সময় মোহালির একটি জিমে শরীরচর্চা করছিলেন গিল, যার আসল নাম সতবন্ত সিং। ব্যায়াম সংক্রান্ত একটি বিষয় নিয়ে জিম প্রশিক্ষকের সঙ্গে তার তর্ক শুরু হয়, যা একপর্যায়ে উত্তপ্ত হয়ে পড়ে।

বচসার একপর্যায়ে প্রশিক্ষক তাকে জিম ত্যাগ করতে বলেন। কিন্তু সেই সময় গিল নিজের পকেট থেকে একটি পয়েন্ট ৩২ বোরের পিস্তল বের করে প্রশিক্ষককে হুমকি দেন। পুরো ঘটনাটি জিমের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

মোহালির ডিএসপি হরসিমরত সিং বলেন, গিল ও তার ভাইকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। যদিও গিল দাবি করেছেন, পিস্তলটি লাইসেন্সপ্রাপ্ত, তবে জনসমক্ষে অস্ত্র প্রদর্শন এবং হুমকি দেওয়া ভারতীয় আইনে দণ্ডনীয় অপরাধ।

ঘটনার পর পুলিশ অস্ত্র আইন অনুযায়ী মামলা করেছে এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে। এ বিষয়ে গিল মানু বা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পাঞ্জাবি সংগীতশিল্পীদের মধ্যে একাধিক বিতর্কিত ঘটনার খবর পাওয়া যাচ্ছে। গানের বাইরে তাঁদের ব্যক্তিগত আচরণ নিয়েও চলছে সমালোচনা। গিল মানুর ঘটনাটি সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল।