ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাসের পেছনে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে।
শুক্রবার (১ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কামারখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্দুল কাদের জিলানী জানিয়েছেন।
নিহত ৭০ বছর বয়সী আব্দুল কুদ্দুস চান মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইলের বাসিন্দা। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ময়মনসিংহের গৌরীপুর থেকে ফরিদপুরের আটরশি দরবার শরিফগামী একটি যাত্রীবাহী বাসের চাকা নষ্ট হয়ে যায়। কামারখোলা এলাকায় এক্সপ্রেসওয়ের পাশে রেখে চাকা মেরামতের কাজ করছিলেন বাসের কর্মীরা। এ সময় একটি ট্রাক বাসের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে সাময়িক যানজট সৃষ্টি হয়। পরে দুর্ঘটনা কবলিত যান সরিয়ে নেওয়া হলে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়