শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পের নাম সুপারিশের পরিকল্পনা করছে কম্বোডিয়া

নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করার পরিকল্পনা করছে কম্বোডিয়ার কর্তৃপক্ষ। দেশটির উপ-প্রধানমন্ত্রী সান চ্যানথল ওয়াল স্ট্রিট জার্নালকে এ কথা জানিয়েছেন।

সান চ্যানথল ওয়াল স্ট্রিটকে বলেন, 'কেবল কম্বোডিয়ায় তার কাজের জন্য নয়, বরং অন্যত্রও (কাজের জন্য) তার নোবেল পাওয়া উচিত।'

মার্কিন প্রসিডেন্টের হস্তক্ষেপ ছাড়া কম্বোডিয়া এবং থাইল্যান্ড সম্ভবত সীমান্ত যুদ্ধ বন্ধ করার জন্য একটি চুক্তি করতে পারত না বলেও মনে করেন তিনি।

সান চ্যানথল আরও বলেন, কম্বোডিয়া মার্কিন প্রেসিডেন্টের নাম নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে তুলে ধরতে চাচ্ছে।

রিপাবলিকান কংগ্রেসম্যান ড্যারেল ইসা মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করেছিলেন।

এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে কংগ্রেসওম্যান ক্লডিয়া টেনি মার্কিন নেতাকে এই পুরস্কারের জন্য সুপারিশ করেন।

তিনি সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তি সইয়ে সহায়তার জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

এর আগে ট্রাম্প তিনবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। বিশেষ করে আব্রাহাম চুক্তি তৈরিতে তার অবদানের জন্য।

রিপাবলিকান প্রতিনিধি বাডি কার্টার ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে 'ঐতিহাসিক ভূমিকার জন্য' ট্রাম্পকে এই পুরস্কারের জন্য সুপারিশ করেছিলেন। জাতিসংঘে ইসরায়েলি স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন এই সুপারিশকে সমর্থন করেছিলেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও নোবেল কমিটিকে একটি চিঠি পাঠিয়ে ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করেছেন।