রাশিয়ায় ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর একদিনে ১২০টি আফটারশক

৩০ জুলাইয়ের ভয়াবহ ভূমিকম্পের পর গত ২৪ ঘণ্টায় রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপে প্রায় ১২০টি আফটারশক রেকর্ড করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাশিয়ার জরুরি অবস্থা মন্ত্রণালয়ের আঞ্চলিক বিভাগের বরাতে বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।

আঞ্চলিক বিভাগটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩.৫ থেকে ৬.৭ মাত্রার প্রায় ১২০টি আফটারশক রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে জনবহুল এলাকার কিছু জায়গায় ২ থেকে ৫ মাত্রার ভূমিকম্পের ঘটনা রেকর্ড করা হয়। 

বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চলে ভূমিকম্পের তীব্রতা এখন কমে যাচ্ছে পাচ্ছে, যদিও এখনো বেশ ঝুঁকি রয়েছে। ৮.৮ মাত্রার ভূমিকম্পের পরের আফটারশক প্রক্রিয়াটি বেশ কয়েক মাস ধরে স্থায়ী থাকবে বলে মনে করা হচ্ছে।

৩০ জুলাই সকালে কামচাটকার উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। কর্তৃপক্ষের মতে, এর মাত্রা ছিল ৮.৮, যা ১৯৫২ সালের পর থেকে এই অঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের জিওফিজিক্যাল সার্ভিসের কামচাটকা শাখা ভূমিকম্পের মাত্রা ৮.৭ বলে অনুমান করেছে। আঞ্চলিক স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই দুর্যোগে একজন আহত হয়েছেন।

এরপর কামচাটকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং পার্শ্ববর্তী সাখালিন অঞ্চলের সেভেরো-কুরিলস্কি জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

এই ভূমিকম্পের ফলে প্রশান্ত মহাসাগরে সুনামির সূত্রপাত হয়, যার ফলে জাপান, যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইনের কর্তৃপক্ষ সুনামির সতর্কতা জারি করে।