ভারতীয় ফুটবল দলের নতুন কোচ খালিদ জামিল

ভারত জাতীয় ফুটবল দলের কোচ হলেন খালিদ জামিল। ১৩ বছর পর কোনো ভারতীয় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। শুক্রবার (১ আগস্ট) অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) নির্বাহী কমিটি তার নাম ঘোষণা করে।

ভারতের হয়ে ৪০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন খালিদ জামিল। ইস্টবেঙ্গল, মোহনবাগান-সহ আইএসএলের বেশ কয়েকটি দলকে কোচিং করিয়েছেন তিনি। তবে দেশের ফুটবলে তার সবচেয়ে বড় অবদান ২০১৭ সালে আইজল এফসিকে আই-লিগ চ্যাম্পিয়ন করা—যা ভারতীয় ফুটবলের ইতিহাসে অন্যতম চমকপ্রদ সাফল্য হিসেবে বিবেচিত।

খালিদ জামিল হলেন ২০১১–১২ সালে দায়িত্ব পাওয়া সাভিও মেদেইরার পর প্রথম ভারতীয় যিনি জাতীয় দলের কোচ হচ্ছেন। মাঝে ভারতের ডাগআউট একটানা বিদেশিদের দখলে ছিল।

এআইএফএফের টেকনিক্যাল কমিটির তৈরি সংক্ষিপ্ত তালিকা থেকে জামিলকে বেছে নেওয়া হয়েছে। সেই তালিকায় আরও ছিলেন—ভারতের সাবেক কোচ স্টিফেন কনস্ট্যানটাইন এবং স্লোভাকিয়ার জাতীয় দলের সাবেক কোচ স্টেফান টারকোভিচ।