বলিউড তারকা আমির খান বর্তমানে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা যাচ্ছে, এবং আমির নিজেই জানিয়েছেন- মনে মনে গৌরীকে তিনি ইতিমধ্যেই জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেছেন। তবে প্রাক্তন স্ত্রী ও সন্তানদের সঙ্গে তার সম্পর্ক এখনো বন্ধুত্বপূর্ণ।
এই আবহে হঠাৎই বড় ছেলে জুনেইদ খানকে ‘নেপো কিড’ বলে প্রকাশ্যে ধমক দেওয়ায় শুরু হয়েছে বিতর্ক। আর নেটিজেনরাও ভাবতে থাকলেন, তবে কি বাবার বিরাগভাজন হয়ে উঠেছেন জুনেইদ?
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে আমিরের ছবি ‘সিতারে জামিন পার’, যা সিনেমা হলে সাফল্যের পর এখন মাত্র ১০০ টাকায় অনলাইনে দেখা যাচ্ছে। ছবির প্রচারে আমির বেছে নিয়েছেন অভিনব এক পন্থা- ছেলে জুনেইদকে নিয়ে একটি স্কিট ভিডিও।
ভিডিওতে দেখা যায়, আমির বাড়িতে ঢুকে দেখেন কেউ বসে সিতারে জামিন পার দেখছে। জানতে পারেন, এই অনলাইন রিলিজের পরিকল্পনা এসেছে জুনেইদের মাথা থেকে। এতে রেগে গিয়ে ছেলেকে বকতে শুরু করেন তিনি। জুনেইদ বাবাকে শান্ত করতে চাইলে, আমির তার দুটি ব্যর্থ ছবির কথা মনে করিয়ে দেন। এরপর ছেলেকে ‘নেপো কিড’ বলে কটাক্ষ করেন, যদিও এটি ছিল অভিনয়ের অংশ।
এই হাস্যরসাত্মক ভিডিওটি মূলত ছবির প্রচারের জন্য তৈরি হলেও, নেটিজেনদের মতে এতে ব্যক্তিগত ইঙ্গিতও রয়েছে। অনেকে মনে করছেন, আমির হয়তো ছেলের প্রতি কিছুটা অস্বস্তি বা সংশয় প্রকাশ করেছেন।
‘নেপো কিড’ শব্দটি সাধারণত এমন কাউকে বোঝাতে ব্যবহৃত হয়, যারা পরিবার বা পরিচিতজনের প্রভাবের মাধ্যমে সুযোগ পায়, বিশেষ করে বিনোদন জগতে। অনেক সময় এটি নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়- যেন সে নিজে যোগ্য নয়, শুধু পরিচয়ের জোরে জায়গা পেয়েছে।
তবে বিতর্কের মাঝেও স্পষ্ট, এই প্রচার কৌশলটি বেশ সফল হয়েছে এবং দর্শকদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে।