উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনার পানি প্রবাহ রেকর্ড করা হয় ১৩ দশমিক ৩৮ মিটার (ডেঞ্জার লেভেল-১৩ দশমিক ৩৫ মিটার)। যা বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এর আগে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হার্ড পয়েন্টে যমুনার পানি কমে বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় আরও ৩ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে যমুনার পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলের বানভাসি মানুষগুলোর মধ্যে দ্বিতীয় দফা বন্যার আতঙ্ক দেখা দিয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী রণজিৎ কুমার সরকার জানান, বুধবার সন্ধ্যা থেকে গত বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১২ ঘণ্টায় ৮ সেন্টিমিটার বেড়ে আবারও বিপদসীমা অতিক্রম করেছে নদীর পানি।
আরও পড়ুন: দামুড়হুদায় ছেলেধরা সন্দেহে ২ নারীকে গণপিটুনি
তিনি আরও বলেন, কাজিপুর পয়েন্টেও গত ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ইত্তেফাক/নূহু