আমাদের আজন্ম ব্যর্থতার দায়
মায়ের মতো রাখো আঁচলে
নিভৃতে গোন দিন দরিদ্র গিন্নিসম
স্বপ্ন হবে সফল সন্তানেরা
ফলাবে ফসল কালজয়ী মাঠে ও শয্যায়;
মৃতপ্রায় পাবে ফের সৃজনের ঘ্রাণ
উঠবে হেসে নদীর বালুচর স্বর্ণলতা ধান
বিভাময় উষার জাগরণে ভেসে আসবে বাতাসে
বাংলার পাখিদের অলৌকিক গান;
আর দিনান্তে মেঘবতী গোধূলিবেলায়
পশ্চিম আকাশ এক স্বর্ণালী মায়ায়
জানাবে বিদায় অমলা বাংলার গ্রাম-মাঠ-নদীজল
কী এক সকরুণ জলজ ভালোবাসায়;
বেহুলা কে ভুলতে পারে তোমায়
মহীপাল-গোপালের এই বাংলায়।।