রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার (২ আগস্ট) ভোরে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে মৃত অবস্থায় আনা হয়। মৃত ব্যাক্তির নাম নজরুল ইসলাম (৪৩)।
নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চার-পাঁচজন ব্যক্তি তাকে তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে। ওই নির্যাতনের ফলেই তার মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গণমাধ্যমকে জানান, নজরুল ইসলামকে কে বা কারা তুলে নিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তারা স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি মারা গেছেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নজরুল ইসলামের মামা কামাল হোসেন গণমাধ্যমকে জানান, তার ভাগনে খিলগাঁও এলাকায় ফুটপাতে পুরি ও শিঙাড়া বিক্রি করতেন। শুক্রবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কিছু লোক বাসা থেকে তাকে তুলে নেয়। এ সময় নজরুলের স্ত্রীও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা বলেছিলেন, নজরুলের কাছে মাদক রয়েছে—এই অভিযোগে তাকে তুলে নেওয়া হয় এবং পরে নির্যাতন চালানো হয়। ভোররাতে নজরুলের স্ত্রী তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নজরুল ইসলামের বাড়ি মাদারীপুর জেলায়। তিনি রাজধানীর খিলগাঁওয়ের সিপাহিবাগ এলাকায় পরিবারসহ বসবাস করতেন। তার দুটি সন্তান রয়েছে।
এ বিষয়ে ওসি দাউদ হোসেন বলেন, এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।