মিরপুরের উইকেট নিয়ে ক্ষোভ আরেক বিসিবি পরিচালকের

মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে সমালোচনা থামছে না। সর্বশেষ পাকিস্তান সিরিজে এই পিচ ব্যাটারদের জন্য যেন হয়ে উঠেছিল নরকের মতো। দীর্ঘ ১৪ মাস পর হোম অব ক্রিকেটে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও উইকেটের মানে কোনো পরিবর্তন আসেনি।

পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন সিরিজের প্রথম ম্যাচের পরই সংবাদ সম্মেলনে মিরপুরের উইকেটকে একহাত নেন। তৃতীয় ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সালমান আগাও প্রকাশ করেন তীব্র ক্ষোভ।

সালমান স্পষ্ট করে বলেন, এমন ধীরগতির উইকেটে খেলে এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কোনো ধরনের প্রস্তুতি সম্ভব নয়। শুধু বিদেশি কোচ বা অধিনায়কই নয়, বিসিবির সভাপতি ও অন্যান্য পরিচালকও মিরপুরের স্লো ও লো-বাউন্স উইকেট নিয়ে প্রকাশ করেছেন বিরক্তি। সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টিতেই দুই দলের ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন, রানসংখ্যাও ছিল অনেক কম। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও উইকেট নিয়ে অসন্তোষের কথা জানান।

শনিবার বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খানও উইকেট নিয়ে কথা বলেছেন এবার। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে অন্তত ১৬০-১৭০ রানের উইকেট দরকার। সম্প্রতি আমাদের যে সিরিজটা হয়েছে, উইকেট মোটেই ভালো ছিল না। হয়তো আবহাওয়া বা সময়ের কারণে এমন হয়েছে। তবে বিষয়টি নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি। সামনে নেদারল্যান্ডস দল আসতে পারে, এবং বাকি ম্যাচগুলোতেও একই রকম পরিস্থিতি হলে আমরা ঢাকার বাইরের ভালো উইকেটগুলো বিবেচনায় আনব, যেখানে বেশি রান হয়।’

তিনি আরও জানান, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ন্যাশনাল টি-টোয়েন্টি লিগ (এনসিএল)। এবারের আসর দুটি ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা রয়েছে। একটি চট্টগ্রাম, অন্যটি এখনো নির্ধারিত হয়নি। তবে টুর্নামেন্টে দেশের সব খেলোয়াড়দের অংশগ্রহণের আশা প্রকাশ করেন আকরাম।