ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানিতে ২০২৪ সালে দুই লাখ ৫০ হাজারের বেশি মানুষ পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন। পারিবারিক সহিংসতার ঘটনায় সংখ্যাটি দেশটিতে এক বছরের হিসাবে সর্বকালের সর্বোচ্চ। সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে জার্মানির সাপ্তাহিক সংবাদপত্র ভেল্ট আম জনটাগ এ তথ্য জানিয়েছে।
বেশিরভাগ মানুষ নিজ ঘরে নিজেকে নিরাপদ মনে করলেও, পারিবারিক সহিংসতা পরিসংখ্যান সেই ধারণার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
জার্মানির ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিস (বিকেএ) এর পরিসংখ্যান তুলে ধরে সাপ্তাহিক সংবাদপত্রটি জানিয়েছে, পারিবারিক পর্যায়ে সহিংসতার ঘটনা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।
২০২৪ সালে মোট দুই লাখ ৫৬ হাজার ৯৪২ জন মানুষ পারিবারিক সহিংসতার শিকার হিসেবে নিবন্ধিত হয়েছেন। সংখ্যাটি তার আগের বছরের তুলনায় অন্তত তিন দশমিক সাত শতাংশ বেশি।
বিকেএ-এর পরিসংখ্যান বলছে, এসব ঘটনায় সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছেন নারীরা। মোট ঘটনার ৭৩ শতাংশ ক্ষেত্রে ভুক্তভোগী হলেন নারীরা।
এসব ঘটনায় বর্তমান স্বামী/স্ত্রী বা পার্টনার এবং প্রাক্তনের হাতেই সহিংসতার শিকার হয়েছে এক লাখ ৭১ হাজার ৬৯ জন। সংখ্যাটি আগের বছরের তুলনায় এক দশমিক নয় শতাংশ বেশি।
বিকেএ আরও জানিয়েছে, পরিবারের সদস্যদের মাধ্যমে সহিংসতার ঘটনা সাত দশমিক তিন শতাংশ বেড়ে হয়েছে ৯৪ হাজার ৮৭৩টি। গত পাঁচ বছরে জার্মানিতে পারিবারিক সহিংসতা অন্তত ১৪ শতাংশ বেড়েছে বলেও জানিয়েছে ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিস।
২০২৩ সালের পরিসংখ্যানেও দেখা গেছে, প্রতিদিন অন্তত সাতশ মানুষ পরিবারের সদস্যদের মাধ্যমে সহিংসতার শিকার হয়েছিলেন।ভুক্তভোগীদের দুই-তৃতীয়াংশই ছিলেন নারী।