মাঠে দুর্দান্ত ছন্দে ছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। টানা ৫ ম্যাচে একাধিক গোল করে মেজর লিগ সকারে (এমএলএস) ইতিহাস গড়েছিলেন তিনি। সর্বশেষ ম্যাচেও জোড়া অ্যাসিস্টে ইন্টার মায়ামিকে জয় এনে দেন মেসি। কিন্তু এবার অনাকাঙ্ক্ষিত চোটে পড়েছেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। রোববার (৩ আগস্ট) লিগস কাপের ম্যাচে মাত্র ১১ মিনিটেই হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে তিনি মাঠ ছেড়েছেন।
ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে নেকাক্সার মুখোমুখি হয়েছিল মায়ামি। ম্যাচে তাদের জয় ছাপিয়ে এখন আলোচনায় এলএমটেনের চোট। মেসির ইনজুরি কতটা গুরুতর সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। খেলার বয়স ৮ মিনিট পেরোনোর পর প্রতিপক্ষের বক্সের কাছাকাছি যেতেই মেসিকে ঘিরে ধরেন রাউল সানচেজ এবং আলেক্সিস পেনা। তাদের ট্যাকেলে পড়ে যাওয়ার পর তিনি হ্যামস্ট্রিংয়ে চোট টের পান।
এরপর মাঠ থেকে তুলে নেওয়া হয় মেসিকে। পরবর্তীতে মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো জানিয়েছেন, ‘সে (মেসি) অস্বস্তি বোধ করছিল। কালকের আগে আমরা তার ইনজুরি কতটা গুরুতর জানতে পারবো না। সম্ভবত সেখানে কিছু একটা হয়েছে। তার পায়ে ব্যথা নেই, মনে হচ্ছে না গুরুতর কিছু। তবে সেই অস্বস্তিতে আছে এটা নিশ্চিত।’
নির্ধারিত সময়ে মায়ামি-নেকাক্সার ম্যাচটি ২-২ গোলে সমতায় ছিল। লিগস কাপের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে জয়ী দল ৩ পয়েন্ট পায়, আর পরে টাইব্রেকারে জিতলে পায় ২ পয়েন্ট। সে হিসাবে ২ ম্যাচে মায়ামির পয়েন্ট এখন ৫। টাইব্রেকারে মায়ামি জিতেছে ৫-৪ ব্যবধানে। নির্ধারিত সময়ের খেলায় মায়ামির পক্ষে একটি করে গোল করেন তেলাস্কো সেগোভিয়া ও জর্দি আলবা। বিপরীতে মেক্সিকান ক্লাবটির পক্ষে টমাস বাদালোনি ও রিকার্ডো মনরিয়াল গোল করে সমতা ফেরান।