নাটোর চিনিকলে ১২ নিরাপত্তারক্ষীকে অস্ত্রের মুখে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় কোটি টাকার মালামাল লুট করে ট্রাকে নিয়ে গেছে ডাকাত দলটি। শনিবার (২ আগস্ট) রাত আনুমানিক দেড়টার সময় এক সংঘবদ্ধ ডাকাতদল এই হামলা চালায়। এ সময় ডাকাতেরা চিনিকলের বিভিন্ন দপ্তরের নথিপত্রও তছনছ করেছে বলে জানা গিয়েছে।
রোববার (৩ আগস্ট) সকালে খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আখলাছুর রহমানসহ সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন।
চিনিকলের ফোরম্যান মাহাবুব আলম জানিয়েছেন, রাতে সংঘবদ্ধ ডাকাতদল পেছনের ভাঙা দরজা দিয়ে কারখানায় প্রবেশ করে। অস্ত্রের মুখে তারা মিলের ১২ জন নিরাপত্তারক্ষীকে বেঁধে ফেলে। এরপর চিনিকলে থাকা নতুন-পুরাতন বিভিন্ন ধাতব মালামাল ট্রাকে তুলে দ্রুত সরে যায়। ভোর ৪টার দিকে ডিউটি বদলের সময় অন্য নিরাপত্তারক্ষীরা এসে এমন অবস্থা দেখে চিনিকল কর্তৃপক্ষকে খবর দেয়।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান বলেন, ‘ডাকাতির ঘটনায় প্রাথমিক তদন্তে প্রায় ৯০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানতে পেরেছি। এর একটা তালিকা প্রস্তুত করা হয়েছে।’
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুর রহমান জানান, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত কাজ এখনও চলমান রয়েছে। কি পরিমাণ মালামাল লুট হয়েছে, তার একটি প্রাথমিক তালিকা দিয়েছে মিল কর্তৃপক্ষ। এ কাজের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে নাটোর থানায় মামলার প্রস্তুতি চলছে।'