চলে গেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী মাধান বব। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় আদিয়ারে তার নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন মাধান বব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
ভক্তদের কাছে মাধান বব নামেই পরিচিত হলেও, তার আসল নাম ছিল এস. কৃষ্ণমূর্তি। ১৯৫৩ সালের ১৯ অক্টোবর চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন অভিনেতা। পরিবারে তিনি ছিলেন অষ্টম সন্তান। ছোটবেলা থেকেই সৃজনশীল চর্চার প্রতি ছিল তার আগ্রহ।
প্রতিনিধি ও বিক্রয় কর্মকর্তার চাকরি দিয়ে পেশাজীবনের সূচনা হলেও শেষ পর্যন্ত নিজের প্যাশন তথা সংগীত নিয়ে এগিয়ে যান তিনি। এরপর বিজ্ঞাপন, রেডিও অনুষ্ঠান ও টিভি নাটকে সংগীত পরিচালনা করেছেন, এমনকি ১৯৭৫ সালে দূরদর্শন চেন্নাইয়ের পর্দায় প্রথম গিটার বাজানো শিল্পী হিসেবে স্বীকৃতিও অর্জন করেন।
এছাড়াও দুটি মালায়ালাম এবং একটি হিন্দি সিনেমা করে খ্যাতি পেয়েছিলেন মাধান। তিনি অনেক টিভি সিরিয়ালেও অভিনয় করেছেন এবং জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘আসথাপোভাধু ইয়ারু’তে বিচারক হিসেবে বিখ্যাত ছিলেন। অভিনেতার মৃত্যুতে দক্ষিণী সিনেমার অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
নির্মাতা কে. বালাচাঁদের দীর্ঘদিনের সহকারী এন. মোহন বলেন, ‘কেবি স্যার তার অভিনয় দেখেছিলেন এবং তার হাসিতে মুগ্ধ হয়ে তাকে ‘ভানামে এল্লাই’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছিলেন। তাকে আবার ‘জাথি মাল্লি’-তে অভিনয় করানো হয়েছিল। মাধন বব খুব ভাল মানুষ ছিলেন। তার প্রথম দিকে তিনি ট্রিপলিকেন থাকতেন। পরে পরিবারটি আদিয়ারে চলে আসেন, তার আত্মার চিরশান্তি কামনা করি।’
প্রসঙ্গত, তামিল, মালয়ালম, তেলেগু ও হিন্দি মিলিয়ে ২০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন মাধান বব। তার উল্লেখযোগ্য চরিত্রগুলোর মধ্যে রয়েছে ‘তেনালি’ ছবির ডায়মন্ড বাবু এবং ‘ফ্রেন্ডস’ ছবির ম্যানেজার সুন্দরেশন। হিন্দি ছবি ‘চাচি ৪২০’ ও মালয়ালম ছবি ‘ভ্রমরম’, ‘সেলুলয়েড’-এও তার অভিনয় প্রশংসিত হয়েছে।