ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ ভাসুরের

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রী নদী আক্তার নীলাকে (২৫) ছুরিকাঘাতে হত্যার পর থানায় ছুরি হাতে আত্মসমর্পণ করেছে রবিউল হাসান আবির নামে এক ব্যক্তি।

রোববার (৩ আগস্ট) সকালে উপজেলার কুশিয়ারা এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

নিহত নদী আক্তার নীলা ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কানুরামপুর এলাকার শাহজাহান দেওয়ানের মেয়ে এবং কুশিয়ারা এলাকার প্রবাসী রাসেল মিয়ার স্ত্রী। ঘাতক রবিউল হাসান আবির (৩২) একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে এবং নিহতের ভাসুর।

স্থানীয় সূত্র ও এলাকাবাসী জানান, আবিরের মা ব্যবসার উদ্দেশ্যে ব্র্যাক ব্যাংক থেকে ৪ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। ওই ঋণের টাকা ছোট ছেলে রাসেল ও তার স্ত্রী নদী আক্তারের হাতে তুলে দেওয়া হয়। জামিনদার ছিলেন বড় ছেলে আবির। পরে রাসেল ঋণ পরিশোধ না করেই বিদেশে চলে যান। ফলে ব্যাংক কর্তৃপক্ষ আবিরকে কিস্তি পরিশোধের জন্য চাপ দিতে থাকে।

এই বিষয় নিয়ে আবির ও নদীর মধ্যে বেশ কয়েক মাস ধরে তীব্র বিরোধ চলছিল। একপর্যায়ে পারিবারিক সম্পর্কে ফাটল ধরলে তা রূপ নেয় ভয়াবহ সহিংসতায়।

রোববার সকাল ৭টার দিকে আবির কৌশলে নদীকে বাসা থেকে ডেকে কুশিয়ারা এলাকার একটি নির্জন বিলে নিয়ে যায়। সেখানে ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

হত্যাকাণ্ডের দুই ঘণ্টা পর সকাল ৯টায় রবিউল হাসান আবির খুনে ব্যবহৃত রক্তমাখা ছুরি হাতে বন্দর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, আবির থানায় এসে হত্যার কথা স্বীকার করেছে। এসআই কামরুজ্জামান নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।