নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি মতিউর ও সম্পাদক মজিদুর

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির  দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।  রোববার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে রাত ১১টার দিকে ফল ঘোষণা করা হয়। ফলাফলে সৈয়দ মতিউর রহমানকে সভাপতি ও মজিদুর রহমান সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন।

ফলাফলে দেখা যায়, সভাপতি পদে সৈয়দ মতিউর রহমান ৪৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। সহসভাপতি নির্বাচিত হয়েছেন বৈয়ত উল্লাহ, তিনি পেয়েছেন ৪৫৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ৪০৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন মজিদুর রহমান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাহিদ তালুকদার, পেয়েছেন ২৪৫ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অলিউর রহমান, তার প্রাপ্ত ভোট ৪০৭।

দলীয় সূত্রে জানা গেছে, গত ১৭ বছর ধরে নবীগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে গতকাল রোববার স্থানীয় সোনার বাংলা হাইস্কুল মাঠে দলটির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতি ও সম্পাদকসহ পাঁচটি গুরুত্বপূর্ণ পদে ৯২৩ জন কাউন্সিলরের মধ্যে ৮০৪ জন ভোট দেন।

কাউন্সিলে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা সাখাওয়াত হাসান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মজিদুর রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর পর নেতাকর্মীরা সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচন করতে পেরেছেন। এতে তৃণমূলের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এতে সাংগঠনিক গতিও বাড়বে।