প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দুটি প্রকল্পের আওতায় আগামী সেপ্টেম্বর মাস থেকে দেশে স্কুল ফিডিং কার্যক্রম শুরু হবে। প্রচলিত শিক্ষাব্যবস্থার বাইরে দেশের ১৬৫টি উপজেলাসহ বান্দরবান ও কক্সবাজার জেলার সবগুলো উপজেলায় এই কর্মসূচি চালু হবে।
সোমবার (৪ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও জেলার স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, চরাঞ্চল ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ তৈরি ও সুবিধা বাড়াতে কাজ করছে সরকার। শিক্ষাব্যবস্থায় সমতা আনতে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্টদের নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।
উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন ঘরের ছেলেমেয়েরা পড়ছে। তারা অনেক ধরনের সাপোর্ট থেকে বঞ্চিত। তারা অনেকটাই পিছিয়ে রয়েছে। তাই প্রাথমিকে শিক্ষার মান উন্নয়নে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে।
প্রধান শিক্ষক সংকট প্রসঙ্গে তিনি বলেন, দেশে প্রায় ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতির বিষয়ে ঝুলে থাকা একটি মামলার নিষ্পত্তি হতে যাচ্ছে। অচিরেই এসব মামলার সমাধান হবে বলে আশা করা যাচ্ছে। এর ফলে প্রাথমিক পর্যায়ে প্রধান শিক্ষকের সংকটও অনেকটা কমে আসবে। উপজেলা পর্যায়ে সরকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) সংকট থাকলেও সেটি অচিরে নিরসনসহ শিক্ষার মান বৃদ্ধিতে বিশেষ নজরদারিতার নানা পরিকল্পনা প্রহণ করছে শিক্ষা অধিদপ্তর।
এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন পরিচালক মো. কামরুল হাসান, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালসহ জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরা অংশ নেন।
এর আগে সকালে বিধান রঞ্জন রায় পোদ্দার নগরীর একটি সরকারি বিদ্যালয়ে আয়োজিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের রোল-আউট কর্মশালায় অংশ নেন। সেখানে তিনি বলেন, শিশুদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী এবং কার্যকর।