সুদানের অবরুদ্ধ শহরে ১৪ নাগরিককে হত্যা করেছে আধাসামরিক বাহিনী

সুদানের দারফুরের অবরুদ্ধ আল-ফাশার শহর থেকে পালানোর চেষ্টা করা ১৪ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।

সোমবার (৪ আগস্ট) মানবাধিকার সংগঠন ‘ইমার্জেন্সি লইয়ার্স’ এ তথ্য জানিয়েছে।

সংগঠনটি জানায়, উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল-ফাশার উপকণ্ঠে একটি গ্রামে এই হামলা ঘটে। মাত্র দুই দিন আগে আরএসএফ নিযুক্ত প্রশাসন ওই শহরের বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানায় এবং তাদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে ২৭ মাসেরও বেশি সময় ধরে লড়াই করছে আরএসএফ। মানবাধিকার সংগঠন ‘ইমার্জেন্সি লইয়ার্স’ যুদ্ধে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিবদ্ধ করছে।

সংগঠনটি জানায়, শনিবারের হামলায় ১৪ জন নিহত হয়েছেন, আরও অনেকে আহত হয়েছেন। কতজন বেসামরিক নাগরিক আটক হয়েছেন, তা জানা যায়নি। নিহতরা আল-ফাশার থেকে পালিয়ে অবরোধ এবং ক্রমবর্ধমান সংঘাত থেকে বাঁচার চেষ্টা করেছিলেন। তখন তাদের ওপর হামলা করা হয়। 

প্রসঙ্গত, আরএসএফ সম্প্রতি উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল-ফাশার শহরের ওপর নতুন করে হামলা শুরু করেছে। তারা ২০২৪ সালের মে মাস থেকে শহরটিকে অবরুদ্ধ করে রাখলেও এখনো সেনাবাহিনীর কাছ থেকে দখল নিতে পারেনি।